মুম্বাইয়ে ফিরেই গণেশ বন্দনায় প্রিয়াঙ্কা

যুক্তরাষ্ট্র থেকে ভারতের হায়দরাবাদে এস এস রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি বারাণসীর শুটিং পর্ব শেষ করে মুম্বাইয়ে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া। শহরে ফেরার পর মেয়ের সঙ্গে এক ঝলক আগেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন দেশি গার্ল-খ্যাত এই বলিউড অভিনেত্রী। এবার তাকে দেখা গেল মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে। সেখানে পূজা দিয়ে গণেশের আশীর্বাদ নেন তিনি। 

মন্দিরে প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন তার খুড়তুতো বোন তথা অভিনেত্রী মান্নারা চোপড়া। এদিন প্রিয়াঙ্কার পরনে ছিল গোলাপি রঙের ঐতিহ্যবাহী সালোয়ার-কামিজ, সঙ্গে নীল ওড়না। মন্দির চত্বরে তাঁকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। বাইরে অপেক্ষা করা অনুরাগীদের দিকে হাত নাড়তেও দেখা যায় অভিনেত্রীকে। 

দীর্ঘ সময় পর ভারতীয় ছবিতে বড় পরিসরে ফিরছেন প্রিয়াঙ্কা। রাজামৌলীর বারাণসী সেই প্রত্যাবর্তনকে আরও উল্লেখযোগ্য করে তুলেছে বলা বাহুল্য। ছবিতে তাঁকে 'মন্দাকিনী' চরিত্রে দেখা যাবে। মহেশ বাবু অভিনয় করছেন রুদ্র চরিত্রে। পৃথ্বীরাজ সুকুমারন রয়েছেন কুম্ভের ভূমিকায়, যাঁকে ছবির মূল প্রতিপক্ষ হিসেবে দেখানো কথা। চরিত্রটি এক বিজ্ঞানীর। শোনা যাচ্ছে ছবির গুরুত্বপূর্ণ অংশে রয়েছেন শ্রুতি হাসানও। 

বারাণসী শুধু একটি নির্দিষ্ট সময়ের গল্প নয়। ছবির কাহিনি বিস্তৃত হয়েছে খ্রিস্টীয় ৫১২ সাল থেকে ২০৭১ সাল পর্যন্ত। প্রাচীন রাজ্য থেকে ভবিষ্যতের পৃথিবী— সময়ের এই দীর্ঘ পরিসরের মধ্যেই এগোবে ছবির গল্প। শহরকে ঘিরে উল্কাপাতের বিপদের পাশাপাশি ছবিতে দেখা যাবে অ্যান্টার্কটিকা, আফ্রিকা এবং ভূগর্ভস্থ গুহার মতো বিচিত্র ভৌগোলিক পরিসর। 

বিশাল বাজেট ও আন্তর্জাতিক মানের অ্যাকশন-অ্যাডভেঞ্চারের আবহে তৈরি এই ছবিতে ভারতীয় সংস্কৃতির ছাপও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে বারাণসী মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের ৭ এপ্রিল।