মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত থেকে আবদুল মান্নান (৭০) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশে নিয়ে আসেন। পরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকে তিনজনকেই নিজ নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে ইছাখালী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে। আবদুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার প্রয়াত নূর বক্সের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইছাখালী সীমান্তের প্রায় দেড় বিঘা জমিতে কাঁচা মরিচসহ বিভিন্ন ফসল চাষ করে আসছেন আবদুল মান্নান। সকালে ওই জমিতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যান। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন বাসিন্দা সীমান্ত এলাকায় থাকা দুই ভারতীয় কৃষককে আটক করে নিয়ে আসেন।
আবদুল মান্নানের নাতি ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘দাদাকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তারা তাকে ছাড়েনি। এ কারণে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে দুই ভারতীয় কৃষককে ধরে নিয়ে আসে।’
আটক দুই ভারতীয় নাগরিকের একজন সচিন কর্মকার এবং অপরজন নারায়ণ দেব বলে জানান তিনি।
এদিকে মঙ্গলবার বেলা ২টার দিকে এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আবদুল মান্নানকে বাংলাদেশের কাছে এবং দুই ভারতীয় নাগরিককে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘পতাকা বৈঠকের মাধ্যমে আবদুল মান্নানকে ফেরত দিয়েছে বিএসএফ। এলাকাবাসীর আটক করা দুই ভারতীয় নাগরিককেও ফেরত দেওয়া হয়েছে।’