চিফ হুইপ

‘রাষ্ট্রপতি নির্বাচন লাইভ টেলিকাস্ট করা হবে’

দলের সিদ্ধান্তের বাইরে কাউকে ভোট দিতে পারবেন না। দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না বলে জানিয়েছে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এসময় তিনি জানান, ফলাফল না আসা পর্যন্ত সবার উপস্থিতিতে গণমাধ্যমে লাইভ টেলিকাস্ট করা হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে, বেলা ১১টা থেকে জাতীয় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) এ বৈঠক শুরু হয়।

নুরুল ইসলাম মনি জানান, গণমাধ্যমের উপস্থিতিতে সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, সংসদের স্পিকারের ভোটগ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হবে। ফলাফল না আসা পর্যন্ত সবার উপস্থিতিতে গণমাধ্যমে লাইভ টেলিকাস্ট করা হবে।

চিফ হুইপ জানান, ভোটটা হবে সংসদের মধ্যে এবং বুথটা থাকবে-বুথ বলতে এটা বক্স থাকবে সংসদের মধ্যে। সংসদ সদস্যরা তাদের বিভক্তি অনুযায়ী, তাদের আসন নম্বর অনুযায়ী, জাতীয় নম্বর অনুযায়ী ভোট দেবেন। ভোট শুরুর এক ঘণ্টার মধ্যে ৩৪৯টি ভোট দেওয়া হলে নির্ধারিত সময়ের আগে ফলাফল তৈরির প্রস্তুতি নেওয়া হবে। আর যদি দেখা যায় একটা ভোট বাকি আছে, তার জন্য আমরা ৫টা পর্যন্ত অপেক্ষা করব। ৫টার পরে আমরা ফলাফল ঘোষণা করব।

তিনি আরও জানান, দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবেন না। দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আর ভোট গ্রহণ ২০ আগস্ট। সেদিন সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট চলবে। 

এদিকে বিএনপির তরফ থেকে এখনও রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন চিফ হুইপ। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। এ বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন।