শ্রীপুরে র‍্যাবের টাউনহল সভা, মাদক নির্মূলের আহ্বান

গাজীপুরের শ্রীপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১) আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলা পরিষদের ক্ষণিকা সভাকক্ষে র‍্যাব-১-এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপি নেতা ডা. শফিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে ভয় কাজ করে। কারণ, গ্রেপ্তার হওয়ার পরও অনেকে দ্রুত জামিনে বা কারামুক্ত হয়ে বেরিয়ে এসে তথ্যদাতাদের ভয়ভীতি দেখান। মানুষের এই আতঙ্ক দূর করা গেলে স্থানীয়ভাবে মাদকের বিরুদ্ধে আরও সাহসের সঙ্গে দাঁড়ানো সম্ভব হবে।

শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী বলেন, মাদক মামলার আসামিরা কারাগার থেকে বের হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়েন। মাদক নির্মূল করতে হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা শ্রীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে র‍্যাবের দৃষ্টি আকর্ষণ করেন।

রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ভেটেরিনারি সার্জন ডা. গোলাম মুর্শেদ মুরাদ বলেন, ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক বিক্রির নির্দিষ্ট কিছু স্পট রয়েছে। এসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হলে মাদকসেবী ও ব্যবসায়ীরা সতর্ক হবে এবং মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া যাবে।

সভায় মাদক ব্যবসায়ী, ডিলার ও সেবনকারীদের বিষয়ে তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা দেন র‍্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার ইফতেখার আহমেদ।

অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁঞা, র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী, সমাজসেবক, মানবাধিকার ও পরিবেশকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।