দীর্ঘ ২৭ বছর ধরে অর্জিত চিকিৎসাসেবার সুনাম ক্ষুণ্ণ করতে এবং চাঁদাবাজির উদ্দেশ্যে একটি চক্র ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ‘গণস্বাস্থ্য হোমিও’-এর চেয়ারম্যান ও ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস. এম. সরওয়ার।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি ও মিঠুন চৌধুরীর নেতৃত্বে একটি কুচক্রী মহল গত দুই বছর ধরে গণস্বাস্থ্য হোমিও এবং তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বানোয়াট তথ্য ছড়াচ্ছে। তিনি জানান, ‘বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ’-এর একটি কাউন্সিল অধিবেশনের প্রায় ৫ লক্ষ টাকার হিসাব চাওয়ায় অ্যাডভোকেট পাখি তার ওপর ক্ষুব্ধ হন। পরবর্তীতে হিসাব না দিয়ে অফিসে আসা বন্ধ করেন এবং সভাপতি দাবি করে নিজের মনগড়া কমিটি ঘোষণা করেন।
ডা. সরওয়ার আরও উল্লেখ করেন, এই চক্রটি শাহবাগ থানায় মিথ্যা মামলা দায়ের, ভাড়াটে লোক দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রকাশ এবং বিভিন্ন দপ্তরে কাল্পনিক অভিযোগ পাঠাচ্ছে। এমনকি চক্রটি অপপ্রচার বন্ধের বিনিময়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। অনৈতিক এই দাবিতে রাজি না হওয়ায় তারা তাকে ‘ভুয়া ডাক্তার’ ও ‘অশিক্ষিত’ হিসেবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণস্বাস্থ্য হোমিও সম্পূর্ণ বৈধভাবে দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে ক্যান্সারের মতো জটিল ব্যাধিতে হাজার হাজার রোগীকে চিকিৎসাসেবা দিয়ে আসছে। বর্তমানে ঢাকার ১৪ পুরানা পল্টন এবং ৫৬/১ বায়তুল ভিউ টাওয়ারের (লিফটের ১০ ও ১১ তলা) স্থায়ী চেম্বারে তাদের নিয়মিত চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি হলুদ সাংবাদিক দিয়ে এসব অপপ্রচার চালানো ও চক্রটির অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং সত্য উদঘাটনে মূল ধারার সাংবাদিকদের বস্তুনিষ্ঠ অনুসন্ধানের আহ্বান জানান।