বনানীতে আ.লীগের চার কর্মী গ্রেপ্তার

রাজধানীর বনানী থানা এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ জনকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন— আসলাম মিয়া (২৫) মো. আশিকুল ইসলাম (২৪) মো. মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মো. মনির হোসেন (৪৮)।

বনানী থানা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট গেট সংলগ্ন মহাখালী-তেজগাঁও মেইন রোডের সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে। 

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গুলশান বনানী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলের প্রস্তুতিতে থাকা ব্যক্তিরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তিনজনকে গ্রেপ্তারসহ ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরণের আলামত জব্দ করা হয়। অপর একজন পালানোর সময় স্থানীয়রা তাকে আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী টার্মিনাল পুলিশ বক্সে হস্তান্তর করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মিরপুর এলাকায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।