আড়াইহাজারে সম্পত্তি নিয়ে বিরোধ: হামলা-ভাঙচুরের অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় দিলীপ, সুদেব, মরণ, বাপন, আপন, সজীব ও সৌরভের বিরুদ্ধে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঝাউগড়া হিন্দুপাড়া এলাকার বাসিন্দা শুভ চন্দ্র দাস।

শুভ চন্দ্র দাসের অভিযোগ, গত সোমবার (১০ আগস্ট) রাতে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে ঢুকে হামলা চালান। এ সময় পরিবারের সদস্যদের মারধর এবং বাড়িঘরে ভাঙচুর করা হয়। হামলায় পরিবারের পাঁচজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, পৈতৃক সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধপূর্ণ সম্পত্তি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। এর মধ্যে এক পক্ষ ওই সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করলে তাঁরা বাধা দেন। এর জেরেই হামলার ঘটনা ঘটে বলে তাদের দাবি।

আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। উভয় পক্ষের অভিযোগের বিষয়ে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।