৫ বছরে সরকারের ক্ষতি ১ কোটি ৩০ লাখ টাকা

নরসিংদীতে দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের বিশেষ অভিযানে দুই শতাধিক আবাসিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারের ফলে গত পাঁচ বছরে রাষ্ট্রীয় কোষাগারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবপুর উপজেলার কারারচর মদিনা জুটমিল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এফএম নাঈম হাসান শুভ। এ সময় তিতাস গ্যাসের নরসিংদী কার্যালয়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে বাড়ির মালিক আওয়াল ভূঁইয়াকে ২ লাখ, রোসন আক্তারকে ৪০ হাজার, মো. মুসলেম মিয়াকে ১ লাখ এবং মুক্তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

তিতাস গ্যাসের নরসিংদী কার্যালয়ের ব্যবস্থাপক (ইমার্জেন্সি) আহম্মদ উল্লাহ জানান, কারারচর মদিনা জুটমিল এলাকার বিভিন্ন বাড়িতে বিপুলসংখ্যক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে দুই শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং লাইনগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও জানান, এসব বাড়ির মালিক কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে গোপনে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, গত প্রায় পাঁচ বছর ধরে তাঁরা এসব অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার করায় সরকারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।