নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ

ঈশ্বরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ-মোটরসাইকেল শোডাউন 

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রতিবাদে রাজপথে মোটরসাইকেল শোডাউন করেছে  ছাত্রদল।

পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার ঈশ্বরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়ায়। ছাত্রদলের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে ‘আর কোনো ছাড় নয়’ বলে হুঁশিয়ারি দেন।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন শুরু হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ ও সদস্যসচিব হারুন অর রশিদের নেতৃত্বে মোটরসাইকেলের বহর নিয়ে নেতা-কর্মীরা উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া এলাকা ও পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি ঈশ্বরগঞ্জ থানার সামনে গিয়ে শেষ হয়।

শোডাউনে নেতা-কর্মীদের ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘বাড়াবাড়ি করিস নারে, পিঠের চামড়া রাখবো নারে’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে ‘হুঁশিয়ার-সাবধান’ স্লোগানও দেন তাঁরা।

শোডাউনে পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরুজ নওশাদ ও সদস্যসচিব রিদওয়ান আহমেদ রিজন, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহ্ সৌরভ, সাধারণ সম্পাদক রেদোয়ানসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ বলেন, ‘আর কোনো ছাড় নয়। যেখানেই নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের দোসরদের পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে। ডাইরেক্ট অ্যাকশনের মাধ্যমে জেলে ভরা হবে। ঈশ্বরগঞ্জের রাজপথে ছাত্রদল আছে, থাকবে। কোনো অপশক্তিকে এখানে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।’

এর আগে মঙ্গলবার সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের খবর পাওয়া যায়।

ঘটনাস্থল ও ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাবেক ছাত্রলীগ কর্মী আফজাল হোসেন হিমেল ফকিরের সঞ্চালনায় এবং ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবঘোষিত কমিটির সভাপতি শেখ অলিউল্লাহ রাসেলের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী সেখানে জড়ো হন। পরে তাঁরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। ওই কর্মসূচির ২ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও মঙ্গলবার বেলা ৩টা ৩ মিনিটে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে এসেছে। ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।