সাভারে একটি ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ

ঢাকার সাভারের হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুর এলাকায় ককটেল ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ একটি ভবন ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে স্থানীয় আব্দুল জলিলের মালিকানাধীন এই ভবনটি অবরুদ্ধ করে অভিযান চালানো হচ্ছে।

রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শ্যামপুর এলাকার জলাবদ্ধ সড়ক লাগোয়া একটি ভবনের সামনে অবস্থান নিয়েছেন সিটিটিসি সদস্যরা। তাদের সঙ্গে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও স্থানীয় থানা পুলিশও রয়েছে।

সিটিটিসি সদস্যরা এ সময় নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে সাংবাদিকসহ সব জনসাধারণকে বাড়িটির সামনে থেকে সরিয়ে দেন।

এছাড়া তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি ঘটনাস্থলে উপস্থিত সিটিটিসি ও পুলিশের কোনো কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক সাভার মডেল থানার এক উর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, স্থানীয় পুলিশকে এই অভিযানের কারণ সম্পর্কে আগে থেকে কিছু জানানো হয়নি। তিনি বলেন, ‘আমাদের এই অভিযানে সহায়তা করার জন্য বলা হয়েছিল। তাই আমরা এখানে এসেছি। এ বিষয়ে বিস্তারিত সিটিসিটি পরে ব্রিফ করবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক সিটিটিসির এক কর্মকর্তা জানান, ভবনটির ভেতরে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম জমা করে রাখা হয়েছে বলে তারা তথ্য পেয়েছিলেন। বাড়িটিতে তালা মারা রয়েছে। তারা ভেতরে অভিযানের প্রস্তুতি নিচ্ছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে পাঁচটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এছাড়া শ্যামপুর এলাকায় এক ব্যক্তির বাড়ি ঘিরে রাখা হয়েছে। সেখানে সন্ত্রাসীরা অবস্থান করছে বলে জানান তিনি।