ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা দুই হাজার ছাড়াল

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ১১ জনে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার জনস্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে, দেশটির পাঁচটি প্রদেশে এখন পর্যন্ত ৪ হাজার ৩৮১ জনের শরীরে ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে। রোগ শনাক্তে দেরি হওয়া, চলমান সংঘাত এবং দুর্বল স্বাস্থ্যসেবার কারণে এই ভাইরাস আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তাদের মতে, এখন পর্যন্ত রেকর্ড হওয়া ইবোলা প্রাদুর্ভাবগুলোর মধ্যে এটিই সবচেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে।

এটি কঙ্গোর ১৭তম ইবোলা প্রাদুর্ভাব; ভাইরাসটির বুন্ডিবুগিও ধরনের কারণে এই সংক্রমণ হচ্ছে। এই ধরনের চিকিৎসায় এখন পর্যন্ত অনুমোদিত কোনো টিকা বা ওষুধ নেই। ইবোলার সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত ১৫ মে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও। কঙ্গো সরকারের তথ্য বলছে, ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় সবচেয়ে বড় ইবোলা প্রাদুর্ভাবের সময় গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ২৮ হাজার ৬১৬ জন আক্রান্ত হয়ে ১১ হাজার ৩১০ জন মারা গিয়েছিলেন।

ওই প্রাদুর্ভাবে এক হাজার মৃত্যুর সংখ্যা ছুঁতে সময় লেগেছিল প্রায় পাঁচ মাস। কিন্তু কঙ্গোর বর্তমান প্রাদুর্ভাবে তিন মাসেরও কম সময়ে দুই হাজার মৃত্যুর ঘটনা ঘটেছে।