বিয়ের খবর প্রকাশ করলেন সাবা

দীর্ঘদিন একমাত্র সন্তানকে নিয়েই ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। এবার জীবনের নতুন অধ্যায়ের খবর প্রকাশ্যে এনেছেন। ব্যক্তিগত নানা চড়াই-উতরাই পেরিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, প্রায় সাড়ে পাঁচ বছরের প্রেমের পর দেড় বছর আগে বিয়ে করেছেন তিনি। তার স্বামীর নাম ফয়সাল, পেশায় একজন ব্যবসায়ী। বিয়ের সুনির্দিষ্ট দিন-তারিখ গোপন রাখলেও সোহানা সাবা জানান, নতুন এই সম্পর্কে তার সন্তান অত্যন্ত খুশি এবং তারা একসঙ্গে বেশ ভালো আছেন।

এর আগে নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে এক দশকের সংসারের পর ২০১৫ সালে বিচ্ছেদ ঘটে সাবার। মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করা এই অভিনেত্রী পরবর্তী সময়ে ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’ ও ‘বৃহন্নলা’র মতো প্রশংসিত সিনেমায় অভিনয় করেন। এছাড়া ওপার বাংলার ‘ষড়রিপু’ ও ‘এপার ওপার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।