নাওভী ও লাবণ্য

নব্বই দশকের রোমান্টিক আবহ ও নস্টালজিয়া নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। আসিফ জাহাঙ্গীর অর্কর পরিচালনায় এই রোমান্টিক-কমেডি ছবিটি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ মুক্তি পেতে যাচ্ছে। মিষ্টি প্রেমের এই ওয়েব ফিল্মে জুটি বেধেছেন নাওভী ও লাবণ্য। বর্তমান ও আধুনিক প্রজন্মের কাছে সেই সময়ের প্রেম এবং অনুভূতির আবেদন ছড়িয়ে দেওয়াই এই প্রজেক্টের মূল লক্ষ্য। সিনেমাটির নামের পেছনে লুকানো এক রহস্য রয়েছে, যা জানতে দর্শকদের পুরো গল্পে চোখ রাখতে হবে। ঢাকা ও মানিকগঞ্জের নৈসর্গিক লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। ৮০ মিনিট দৈর্ঘ্যের এই ওয়েব ফিল্মে দর্শকদের দারুণ এক বিনোদন উপহার দেবে বলে আশাবাদী নির্মাতা। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাসুদ মহিউদ্দিন, স্বপ্না শেখ, শারমিন সুলতানা শর্মী, সাদিয়া ইসলাম জুই, আরমান মাহমুদ ও শওকত শোভন।

এক্সিকিউটিভ প্রডিউসার আশেক হোসেন তন্ময় জানান, ইতিমধ্যে শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আইস্ক্রিনে একযোগে প্রিমিয়ার হবে ‘মিশন ডিডিএলজে’।