ব্রেকআপের গুজব উড়িয়ে জন্মদিন উদযাপনে ইয়ামাল

স্পেন ও বার্সেলোনার ১৯ বছর বয়সী তারকা লামিন ইয়ামাল বর্তমানে মাঠ এবং মাঠের বাইরে—দুই জায়গাতেই আলোচনার তুঙ্গে। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর ছুটি কাটিয়ে ক্লাবে ফেরার মুখে যেমন উদ্যাপনে মেতেছেন এই তরুণ বিস্ময়, তেমনি তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একগুচ্ছ ভুয়া খবর সৃষ্টি করেছে চরম তোলপাড়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ফ্যান পেজের পোস্টকে কেন্দ্র করে রটে যায় যে, ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোস তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করেছেন। এমনকি ইনেস নাকি দাবি করেছেন, তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা এবং ইয়ামাল তার ফোন না ধরে সন্তান নষ্ট করার চাপ দিচ্ছেন।

তবে নিবিড় অনুসন্ধানে জানা গেছে, এসব দাবির কোনো ভিত্তি নেই। এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা ভুয়া ভিডিও এবং মনগড়া স্ক্রিনশট ব্যবহার করে সামাজিক মিডিয়ায় এই প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। ইয়ামাল বা ইনেস—কারো পক্ষ থেকেই এমন কোনো বক্তব্য বা ঘোষণা দেওয়া হয়নি।

প্রেগন্যান্সির সেই ভুয়া কার্ড

১৯তম জন্মদিন উদযাপন

বিশ্বকাপ ফাইনাল চলার সময়েই (১৩ জুলাই) ১৯ বছরে পা রেখেছিলেন ইয়ামাল। তবে টুর্নামেন্টের ব্যস্ততার কারণে তখন উদযাপন করা সম্ভব হয়নি। তাই কলম্বিয়ায় ছুটি কাটিয়ে কাতালুনিয়ায় ফিরে ভিলে নোভা দেল ভ্যালাস-এর ঐতিহাসিক মাস দে সান্ত লিয়েই কান্ট্রি হাউসে এক জাঁকজমকপূর্ণ বার্থডে পার্টির আয়োজন করেন তিনি।

গত বছরের ১৮তম জন্মদিনের ২০০-এর বেশি অতিথির জমকালো গ্যাংস্টার থিম পার্টির তুলনায় এবার প্রায় ১০০ জন ঘনিষ্ঠ বন্ধু, পরিবার এবং বার্সেলোনার সতীর্থদের নিয়ে ঘরোয়া ও অভিজাত পরিবেশে উৎসব উদযাপন করেন তিনি।নতুন মৌসুমে ক্লাবে যোগ দেওয়ার আগে তার এই উদ্যাপনে উপস্থিত ছিলেন বার্সেলোনার বেশ কয়েকজন তারকা ফুটবলার।

কলম্বিয়ার ভূমিকম্পে সমবেদনা 

ছুটির একটা বড় অংশ কলম্বিয়ার কার্তাহেনা ও মেডেলিন শহরে কাটিয়েছিলেন ইয়ামাল। সেখান থেকে ফেরার পরপরই দেশটিতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের খবরে গভীরভাবে মর্মাহত হন এই ফরোয়ার্ড। ১০০ জনেরও বেশি মানুষের প্রাণহানির ঘটনায় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কলম্বিয়ার মানুষের পাশে দাঁড়িয়ে তিনি লেখেন, 'কলম্বিয়ার সাধারণ মানুষের জন্য রইল আমাদের আন্তরিক শুভকামনা ও প্রার্থনা।'

প্রাক-মৌসুম অনুশীলনে ফেরা

সব জল্পনা-কল্পনা ও ছুটি পেছনে ফেলে কোচ হান্সি ফ্লিকের অধীনে অনুশীলনে যোগ দিতে বার্সেলোনার স্পোর্টস কমপ্লেক্স-এ রিপোর্ট করছেন ইয়ামাল। পেদ্রি, দানি ওলমো, পাউ কুবারসি ও ফেরান তোরেসদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন মৌসুমের বড় চ্যালেঞ্জগুলোর জন্য নিজেকে প্রস্তুত করছেন এই স্প্যানিশ উইঙ্গার।