রাজধানীর পল্লবীতে মাছ ব্যবসায়ী ও বিএনপি কর্মী আলমগীর হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় মূল অভিযুক্ত মো. রুবেল ওরফে ‘ল্যাংড়া রুবেলসহ’ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মিরপুর বিভাগ।
বুধবার (১২ আগস্ট) সকালে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, পল্লবীতে পূর্বপরিকল্পিতভাবে এক ব্যক্তিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। ঘটনার পরপরই জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে ডিবি। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পল্লবীতে একটি প্রাইভেটকার থেকে নেমে বিএনপি কর্মী আলমগীর হোসেনকে (৪৫) লক্ষ্য করে গুলি চালানো হয়। এসময় আলমগীরের পাশাপাশি জোৎস্না নামে এক পথচারী নারীও গুলিবিদ্ধ হন।
আলমগীর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর জ্যোৎস্না কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এ ঘটনায় আলমগীরের স্ত্রী বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। ওই মামলায় ল্যাংড়া রুবেলকে প্রধান অভিযুক্ত করা হয়।