২০০৪ সালে ব্যাচেলর সিনেমায় প্লে-ব্যাকের পর নতুন কোনো সিনেমায় গান গাইতে দেখা যায়নি কণ্ঠশিল্পী পথিক নবীকে। দীর্ঘ ২২ বছর পর আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন এই গায়ক। সৈয়দ শমসের তারিফের ‘মাটি’ সিনেমার একটি গানে প্লে-ব্যাক করেছেন পথিক নবী। ‘মাটির পুতুল’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন আবেগী জাকির। সংগীত আয়োজন করেছেন জিমি শাহ।
গত ২৭ জুলাই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। দীর্ঘ বিরতির পর সিনেমায় গান গেয়ে উচ্ছ্বসিত পথিক নবীও। ভালো কথা ও সুরের গান পেলে ভবিষ্যতে তাকে নিয়মিত প্লেব্যাকে পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন তিনি।
পথিক নবীকে দিয়ে গানটি গাওয়ানোর কারণ জানিয়ে নির্মাতা সৈয়দ শমসের তারিফ বলেন, ‘মাটির পুতুল’ ফোক প্যাটার্নের গান। ট্র্যাক প্রস্তুত হওয়ার পর তাদের সবারই মনে হয়েছে, পথিক নবীকে দিয়ে গানটি গাওয়ালে ভালো হবে। তার কণ্ঠের কথা মাথায় রেখেই যেন গানটি তৈরি হয়েছে- এমনটাই মনে হয়েছিল নির্মাতার। পরে পথিক নবীর সঙ্গে যোগাযোগ করে তাকে গানটির মিউজিক ট্র্যাক পাঠানো হয়। গানটি শুনে তিনি পছন্দ করেন এবং গত ২৭ জুলাই এর রেকর্ডিং সম্পন্ন হয়।
গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘মাটি’। মানুষের স্বপ্ন, সংগ্রাম এবং মাটি ও নদীর সঙ্গে একাত্ম জীবনযাপনের গল্প উঠে আসবে সিনেমাটিতে। ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী মহেশপুরের শস্যাঘাটা, মাঠপাড়া ও ইছামতী নদীর তীরে বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমাটির শুটিং।