ইনফান্তিনোর প্রশ্নে বিরক্ত হয়ে এনরিকের জবাব, ‘আমি রাজনীতিবিদ নই ’

এই মুহূর্তে ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত ইস্যু কোনটা? উত্তরে বেশিরভাগই বলবে ফিফা-ইনফান্তিনো ইস্যু। তাই তো উয়েফা সুপার কাপ ফাইনালের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা বা নিজেদের প্রস্তুতি ছাপিয়েও যে প্রশ্নটা পিএসজি কোচ লুইস এনরিকের কাছে এসেছে সেটা এই ইনফান্তিনো ইস্যু নিয়েই। মাঠের বাইরের এমন প্রশ্নে কিছুটা বিরক্তই হয়েছেন পিএসজির কোচ।

সেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং উয়েফার চলমান ক্ষমতার দ্বন্দ্ব কিংবা রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে পরিষ্কার অস্বীকৃতি জানিয়েছেন পিএসজি কোচ। এনরিকে বলেন, ‘আমি আমার দল নিয়ে ফোকাস করছি এবং আমি কোনো রাজনীতিবিদ নই। এসব বিষয় নিয়ে আমি কথা বলি না।’

এদিকে মাঠে নামার আগের এই উত্তপ্ত আবহে দলবদলের বাজার নিয়েও প্রশ্ন ওঠে। সেটা ফেররান তোরেসকে ঘিরে। বার্সেলোনা থেকে তোরেসের পিএসজিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে পিএসজি বস বলেন, ‘আমি কখনো দলবদলের বাজার নিয়েও কথা বলি না। এই বিষয়টি আমার আলোচনার সীমার বাইরে, আমি শুধু প্যারিস সেন্ট জার্মেইর খেলোয়াড়দের নিয়েই কথা বলি।’ 

যদিও স্প্যানিশ একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, স্প্যানিশ ফরোয়ার্ড তোরেসের সঙ্গে পিএসজির ব্যক্তিগত চুক্তি সম্পন্ন হয়েছে এবং বার্সেলোনার সঙ্গে আলোচনাও শেষের পথে।

এর মাধ্যমে জাতীয় দলের সাবেক শিষ্য তোরেসকে আবারও নিজের অধীনে পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এনরিকের সামনে। তবে মাঠের বাইরের রাজনৈতিক ও দলবদলের গুঞ্জন পাশ কাটিয়ে আপাতত অ্যাস্টন ভিলার বিপক্ষে সুপার কাপের মিশনেই সম্পূর্ণ মনোযোগ রাখছেন এই পিএসজি কোচ। বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হবে ম্যাচটি।