ভাঙাচোরা দল নিয়েই পিএসজির বিপক্ষে ইতিহাস গড়তে চান এমেরি

দল থেকে একের পর এক তারকা ফুটবলারের প্রস্থান এবং চোটের হানায় স্কোয়াড অনেকটাই খর্বকায়। তবুও উয়েফা সুপার কাপের হাইভোল্টেজ ফাইনালে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে লড়াই করতে বিন্দুমাত্র পিছু হটছেন না অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি।

মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার সালজবুর্গ শহরে দাঁড়িয়ে নিজের অদম্য মানসিকতা এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড।

দীর্ঘ ৩০ বছরের ট্রফি খরা কাটিয়ে গত মে মাসে ফ্রেইবার্গকে হারিয়ে ইউরোপা লিগ জিতেছিল ভিলা। আর সেই সুবাদেই সিজন কার্টেন-রেইজার এই সুপার কাপের মঞ্চে নামছে ইংলিশ ক্লাবটি। তবে ফাইনালের মঞ্চে নামার আগে বড় ধাক্কা খেয়েছে দল। দলবদলের বাজারে ইউরি তিলেমান্স ম্যানচেস্টার ইউনাইটেডে এবং মরগান রজার্স ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফিতে চেলসিতে পাড়ি জমিয়েছেন। এছাড়া জেডন সানচো, ডগলাস লুইস ও লুকাস দিগনেরাও ছেড়েছেন ক্লাব। ইনজুরি এবং বিশ্বকাপ খেলা ফুটবলারদের অতিরিক্ত বিশ্রামের কারণে এমিলিয়ানো মার্তিনেজ, ওলি ওয়াটকিন্স ও এজরি কনসার মতো তারকাদেরও পাচ্ছে না ভিলা।

এত প্রতিকূলতা ও ভাঙা গড়ার মধ্যেও ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে এমেরি বলেন, ‘আমি চার বছর ধরে অ্যাস্টন ভিলায় আছি। আমরা যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছি এবং খেলোয়াড়রা যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাতে আমি খুশি। খেলোয়াড়রা আমাদের এবং আমরা আমাদের মানদণ্ডে যা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি তা অনুসরণ করেছে। আমরা আমাদের নিজস্ব মানসিকতা তৈরি করতে চাই। আমরা খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমরা আরও চাই। আমরা এখানেই থামছি না।’ 

স্কোয়াড ছোট হয়ে যাওয়া এবং ক্লাব আর্থিক ও কাঠামোগতভাবে কীভাবে এগোচ্ছে তা নিয়ে এমেরি আরও যোগ করেন, ‘চেষ্টার কোনো পরিবর্তন হয়নি। ক্লাব একটি সত্যিই বিশাল প্রচেষ্টা চালাচ্ছে। ক্লাবটি আমি যে দিকে যাওয়ার চেষ্টা করছি ঠিক সেই একই দিকেই এগিয়ে যাচ্ছে। মাঠের ভালো ফলাফল এবং কিছু খেলোয়াড় বিক্রির মাধ্যমে আমরা আমাদের বাজেট বাড়াচ্ছি। অ্যাস্টন ভিলা এখন আমাদের অগ্রগতির মধ্য দিয়ে একটি ভালো ব্র্যান্ড হয়ে উঠতে পারে। এটি আমার এবং খেলোয়াড়দের জন্য একটি বিশাল দায়িত্ব।’ 

ব্যক্তিগতভাবে তিনবার সুপার কাপের ফাইনালে হেরে যাওয়ায় এই ট্রফি জয়ের আক্ষেপ এখনো তাড়া করে ফেরে এমেরিকে। প্রতিপক্ষ পিএসজিও তাদের বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিলেও এই অসম লড়াইয়ে নিজেদের বর্তমান সামর্থ্য দিয়ে সেরা ফলাফল ছিনিয়ে আনতে পুরোপুরি প্রস্তুত ভিলা শিবির।