‘অধ্যাপক মো. আলী নওয়াব আন্তর্জাতিক শতবার্ষিকী সম্মেলন-২০২৬’-এর দাপ্তরিক ওয়েবসাইট চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরের (শিক্ষা) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ওয়েবসাইটটি উদ্বোধন করেন।
বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়েবসাইট চালু বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ওয়েবসাইট www.manicc2026.du.ac.bd এসম্মেলনের বৈজ্ঞানিক কর্মসূচি, আমন্ত্রিত বক্তা, সারসংক্ষেপ জমা ও নিবন্ধনের তারিখসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য পাওয়া যাবে। বিশিষ্ট রসায়নবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক মো. আলী নওয়াবের শততম জন্মবার্ষিকী স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ এই সম্মেলন আয়োজন করছে। অ্যাডভান্সেস ইন সারফেস কেমিস্ট্রি অ্যান্ড কলোয়েডাল সায়েন্স শীর্ষক এই সম্মেলন আগামী ২৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও শিক্ষাবিদদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত, নেপাল ও ইরাক থেকেও বক্তা, আলোচক এবং অংশগ্রহণকারীদের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া সারা বিশ্ব থেকে অধ্যাপক নওয়াবের পরিবার, আত্মীয়স্বজন, প্রাক্তন ছাত্র, সহকর্মী অনুরাগীরা সম্মেলনে একত্রিত হবেন।
অধ্যাপক মো. আলী নওয়াবের পরিবার এই শতবার্ষিকী সম্মেলনের পৃষ্ঠপোষকতা করছে, যা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে একটি বিশেষ ব্যক্তিগত মাত্রা যোগ করেছে।
শতবার্ষিকী সম্মেলনটি অধ্যাপক নওয়াবের বৈজ্ঞানিক অবদান, শিক্ষাদান, পরামর্শদান এবং প্রজন্মের পর প্রজন্ম ছাত্র ও গবেষকদের ওপর তার স্থায়ী প্রভাব উদযাপনের একটি সুযোগ করে দেবে। আশা করা হচ্ছে, এটি একটি স্মরণীয় সমাবেশ হবে, যেখানে একটি শক্তিশালী বৈজ্ঞানিক কর্মসূচির পাশাপাশি একজন শ্রদ্ধেয় শিক্ষক ও পণ্ডিতের জীবন ও উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের চেয়ারপার্সন ও সম্মেলন আয়োজক কমিটির চেয়ার অধ্যাপক ড. ফরিদা বেগম, সম্মেলন আয়োজক কমিটির সচিব অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম, বৈজ্ঞানিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম, অধ্যাপক ড. মো. আব্দুল জাব্বার, অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসান, অধ্যাপক ড. জি এম গোলজার হোসেন ও মো. ওমর শাহ রাফিসহ রসায়ন বিভাগের শিক্ষক ও সম্মেলন আয়োজক কমিটি ও বৈজ্ঞানিক কমিটির সদস্যরা।