মুম্বাইতে ভূমিধসে নিহত ৬

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের পূর্বাঞ্চলে ভূমিধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও চার থেকে পাঁচজন আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বুধবার (১২ আগস্ট) ভোর ৩টা ৪৮ মিনিটে চেরাগ নগরের ঘাটকোপার এলাকার গাউসিয়া চালে ভূমিধসের ঘটনা ঘটে।

কয়েকটি সংস্থার উদ্ধারকারী দল ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। ধ্বংসাবশেষের নিচে জীবিতদের অবস্থান শনাক্ত করতে বিশেষায়িত ভিক্টিম-ডিটেকশন ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে নডিটিভি। 

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ছোট একটি পাহাড়ের একাংশ ধসে দুই থেকে তিনটি বাড়িকে চাপা দেয়, এতে অন্তত পাঁচ থেকে ছয়জন আটকা পড়ে।

বিএমসির মেয়র রিতু তাওডে ঘটনাস্থল পরিবদর্শন করে নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। ঊর্ধ্বতন এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, চার থেকে পাঁচজন এখনও আবর্জনার নিচে আটকা পড়ে আছেন।

আহত দুই ব্যক্তিকে উদ্ধার করার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সোহেল আনসারি (১৮) ও মোহাম্মদ আনসারি (১৪) হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের দুজনেই আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন।

মুম্বাই দমকল বাহিনী, মুম্বাই পুলিশ ও ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী উদ্ধারকাজ পরিচালনা করছে।