রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিকের মৃত্যু

‎পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে প্রকল্পের ৫.৭ বিল্ডিং এলাকায় কাজ করার সময় অসুস্থবোধ করার পর তার মৃত্যু হয়।

মৃত দোরোখিন সের্গেই (৫১) রূপপুর প্রকল্পে কর্মরত রুশ পারমাণবিক প্রযুক্তি ও প্রকৌশল প্রতিষ্ঠান ‘অ্যাটমটেকএনার্গো’র কর্মী।

‎প্রকল্প-সংশ্লিষ্টরা জানায়, বুধবার সকাল ১০টার দিকে ৫.৭ বিল্ডিংয়ের অভ্যন্তরে কাজ করার সময় হঠাৎ অসুস্থতা অনুভব করে পড়ে যান সের্গেই। খবর পেয়ে কোম্পানির চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

‎ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান,  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। আইনগত প্রক্রিয়া ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।