ফরিদপুরে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩০ হাজার টাকাসহ বাশার মিয়া ওরফে চোরা বাশার (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ভাঙ্গা থানাধীন পূর্ববাকপুরা গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার বাশার মিয়া পূর্ববাকপুরা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। অভিযানকালে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোচরে থাকা একটি টিস্যু ব্যাগের ভেতর থেকে জিপারযুক্ত নীল রঙের পলি প্যাকেটে রাখা ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১১ গ্রাম। এ সময় ইয়াবা বিক্রির নগদ ৩০ হাজার টাকাও উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে বাশার মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত) অনুযায়ী ভাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।