আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের জন্য প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ সহজতর করার লক্ষ্যে লিড ব্যাংক হিসেবে মৌলভীবাজারে ‘উন্মুক্ত ঋণ বিতরণ ও সেমিনার ২০২৬’ - এর আয়োজন করে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ।
বাংলাদেশ ব্যাংকের দিক নির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে মৌলভীবাজার জেলায় কার্যক্রম পরিচালনাকারী ৪০টি তফসিলি ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, নিম্নআয়ের মানুষ ও বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের মধ্য থেকে নির্বাচিত ঋণগ্রহীতাদের হাতে প্রকাশ্যে ঋণের চেক তুলে দেয়া হয়। অর্থায়ন সুবিধার সঠিক ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের সম্ভবনা, আয়ের সুযোগ সৃষ্টি এবং আনুষ্ঠানিক অর্থনৈতিক কর্মকা-ে আরও বেশী মানুষকে সম্পৃক্ত করার উপায় নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়।
মোঃ সালেকিন ইব্রাহিম, ইভিপি ও হেড অব অ্যাসেট, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং, ইবিএল, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন রঞ্জন বর্মণ, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), এরিয়া অফিস, মৌলভীবাজার শাখা, জনতা ব্যাংক এবং কামাল হোসেন, ডিজিএম ও চিফ রিজিওনাল ম্যানেজার, বাংলাদেশ কৃষি ব্যাংক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সায়েম মুহাম্মদ জাফর ইমাম, এসভিপি ও রিজিওনাল হেড সিলেট ও নারায়ণগঞ্জ অঞ্চল, ইবিএল।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের পাশাপাশি নির্বাচিত ঋণগ্রহীতারাও উপস্থিত ছিলেন। এ উদ্যোগের মাধ্যমে ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য ঋণপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি পাবে, প্রাতিষ্ঠানিক আর্থিক ব্যবস্থার প্রতি আস্থা তৈরি হবে এবং মৌলভীবাজারে আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।