২৩ পুলিশ কর্মকর্তাকে রদবদল, চাকরি গেল আলোচিত ৬ জনের

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত ডিআইজি, ডিআইজি, পুলিশ সুপার ও উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা আছেন। অপরদিকে চাকরি গেল আলোচিত পুলিশের ছয় কর্মকর্তার। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক ১০টি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রংপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জ ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জ, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদ্দাহূছের হোসেনকে সারদা পুলিশ একাডেমি, র‌্যাবের অতিরিক্ত ডিআইজি  ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, হাইওয়ে পুলিশের এসপি রেজাউল করিমকে এপিবিএনে, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ও এপিবিএনের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশে, হাইওয়ে পুলিশের এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শাহিনুর আলম খানকে এসবিতে, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিনকে গাজীপুর জেলা পুলিশ সুপার এবং গাজীপুর জেলার পুলিশ সুপার শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, সিলেট জেলার পুলিশ সুপার আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে, খুলনা জেলা পুলিশ সুপার তাজুল ইসলামকে এপিবিএনে, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনা জেলা পুলিশ সুপার, মেট্রোরেলের পুলিশ সুপার ডা. কানিজ হোসেন জাহানকে এপিবিএনে, বরিশাল মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. শরফুদ্দীন, এপিবিএনের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফকে ঢাকা মহানগর পুলিশে পদায়ন করা হয়।

চাকরি গেল বিপ্লব কুমারসহ ছয় কর্মকর্তার : কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা ও পলায়নের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) ইকবাল হোসাইন, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম রুহানী, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস ও কাজী আশরাফুল আজীমকে বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরিতে দায়িত্ব পালনের ক্ষেত্রে অননুমোদিত অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হয়। কর্মস্থল থেকে অনুপস্থিত থাকায় তাদের নোটিস পাঠানো হলেও যোগ দেননি।