যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) টেক্সাসের সালাডোতে হেলিকপ্টারটি বিধ্বস্তের ঘটনাটি ঘটে।
সেনাবাহিনীর এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারটি ফোর্ট হুডে মোতায়েন ছিল। ফোর্ট হুড এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারটি টেক্সাসের সালাডো এলাকায় বিধ্বস্ত হয়। এতে থাকা দুই সেনাসদস্যই নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার পর ফোর্ট হুডের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং স্থানীয় জরুরি সেবা সংস্থার কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
তবে দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি কী ধরনের কার্যক্রমে নিয়োজিত ছিল, সে বিষয়ে সামরিক কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।
নিহত সেনাদের মরদেহ ফোর্ট হুডের কার্ল আর. ডার্নাল আর্মি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারকে অবহিত করার ২৪ ঘণ্টার আগে নিহত সেনাদের নাম প্রকাশ করা হবে না।
তবে দুর্ঘটনায় কোনো স্থাপনার ক্ষতি হয়নি। এ ঘটনায় আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হেলিকপ্টারটি একটি মাঠে বিধ্বস্ত হয়েছে এবং ঘটনাস্থল দেখেই বোঝা যাচ্ছিল যে এটি একটি ভয়াবহ দুর্ঘটনা ছিল।
স্থানীয় জরুরি সেবাকর্মী, সামরিক কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে সাড়া দিয়েছেন। ফোর্ট হুডের অপরাধ তদন্ত বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে।