মনপুরায় অবৈধ বালু উত্তোলন, আটক ৫

ভোলার মনপুরায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার নিজাম মিয়ার ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরার সদস্যরা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করা হয়।

জব্দ করা ড্রেজার ও বাল্কহেড এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নদীতীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।