কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ কাউছার ওরফে বাবু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের মেটংঘর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাউছার ওরফে বাবু ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নোয়াগ্রাম গ্রামের সেন্টু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার এসআই মো. নাজিম উদ্দিন, এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই মো. আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে মেটংঘর বাজার এলাকায় অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পুলিশ কাউছার ওরফে বাবুকে আটক করতে সক্ষম হলেও শুক্কুর মিয়া নামে অপর ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।
পরে কাউছার ওরফে বাবুর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোঁচা থেকে পলিথিনের ছেঁড়া অংশে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। পাশাপাশি পলাতক শুক্কুর মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।