বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে ৩ মাছধরা ট্রলারডুবি, ৫০ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল হয়ে নোয়াখালীর হাতিয়ায় নিকটবর্তী বঙ্গোপসাগরে তিনটি মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ৫০ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। উপজেলার নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে বুধবার (১২ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ট্রলার তিনটি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের নাসির মাঝি, জহির মাঝি ও জাহেদ মাঝির বলে জানা গেছে। এ ঘটনায় দুটি ট্রলার সম্পূর্ণভাবে সাগরে তলিয়ে গেছে। অপর ট্রলারটি ভাসমান রয়েছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।

জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী জানান, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে সাগর উত্তাল রয়েছে। বুধবার সকালে ঢেউ ও বাতাসের তীব্রতা বেড়ে গেলে সাগরে মাছ ধরতে থাকা অনেক ট্রলার বিপাকে পড়ে। এর মধ্যে নিঝুমদ্বীপের কাছাকাছি এলাকায় তিনটি ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। ট্রলারে থাকা বিপদে পড়া জেলেদের উদ্ধারে আশপাশে থাকা অন্য মাছধরা ট্রলারগুলো এগিয়ে আসে। পরে তাদের সহযোগিতায় তিনটি ট্রলারের ৫০ জন মাঝি-মাল্লাকে নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। এতে কোনো জেলে হতাহত হয়নি।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, বৈরী আবহাওয়ার কারণে ট্রলারডুবির ঘটনাটি শুনেছি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, ট্রলারগুলোতে থাকা সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাছধরা ট্রলারগুলোকে নিরাপদে অবস্থান করার জন্য জেলেদের নির্দেশনা দেওয়া হয়েছে।