বাবাকে হারানোর শোক ভুলে মেসি মাঠে, তবুও হার মায়ামির

বাবাকে হারানোর শোক সামলে দলে ফিরেছিলেন অধিনায়ক লিওনেল মেসি। তবে তাঁর প্রত্যাবর্তনের ম্যাচেও ভাগ্য বদলালো না ইন্টার মায়ামির। মেক্সিকান ক্লাব ক্লাবে লিওনের কাছে ৩-২ ব্যবধানে হেরে ২০২৬ লিগস কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ‘লাস গার্সাস’ খ্যাত দলটি।

হোম গ্রাউন্ড নু স্টেডিয়ামে এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ছিলেন না মেসি। বাবার শেষকৃত্যে অংশ নিতে নিজ শহর রোজারিওতে গিয়েছিলেন। গতকাল বাংলাদেশ সময় সন্ধায় মায়ামিতে ফিরেছিলেন তিনি। ফলে কোচ গিলেরমো হোয়োস প্রথমার্ধে তরুণ ফরোয়ার্ড ডানিয়েল পিন্টার এবং লোভেন্ডস ডেলিনোইসকে সামনে রেখে দল সাজান।

ম্যাচের ৪২ মিনিটে রদ্রিগো ডি পলের দুর্দান্ত পাস থেকে বল পান আইয়ান ফ্রে। তাঁর নিচু ক্রসে নিখুঁত ফিনিশিংয়ে তরুণ ফুটবলার ডানিয়েল পিন্টার গোল করে মায়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন।

বিরতির পরপরই পিন্টারের পরিবর্তে মাঠে নামেন লিওনেল মেসি। তবে মেসি মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই রক্ষণের ভুলে গোল হজম করে মায়ামি। মেক্সিকান ক্লাবটির হয়ে ড্যানিয়েল আর্সিলা গোল করে ১-১ সমতা ফেরান।

৬০ মিনিটে মেসির ফ্রি-কিক এবং পরবর্তীতে আইয়ান ফ্রে-র বানিয়ে দেওয়া বল থেকে ইয়ানিক ব্রাইট কোনাকুনি শটে গোল করে আবার মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। কিন্তু মায়ামির দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে ৬১ মিনিটে জুয়ান দোমিঙ্গেস দুর্দান্ত এক গোল করে লিওনকে আবার ২-২ সমতায় ফেরান।

৮৩ মিনিটে ডাইবার কামবিন্দোর অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি করেন আর্সিলা। 

মেসির প্রচেষ্টা সত্ত্বেও হতাশার বিদায়

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে মেসি বেশ কয়েকটি সুযোগ তৈরি করেন। ৭৪ মিনিটে তাঁর নেওয়া এক অলিম্পিক কর্নার (সরাসরি কর্নার থেকে গোল করার চেষ্টা) গোললাইন থেকে ফেরান লিওনের গোলরক্ষক অস্কার গার্সিয়া। ম্যাচের শেষ মুহূর্তেও মেসির একটি জোরালো শট প্রতিহত করেন তিনি। সব রকম চেষ্টা সত্ত্বেও দলকে হারের হাত থেকে বাঁচাতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা।

এই জয়ে তিন ম্যাচের তিনটিই জিতে ৯ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে মেক্সিকোর ক্লাব লিওন। অন্যদিকে তিন ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া ইন্টার মিয়ামির লিগস কাপ অভিযান এখানেই শেষ হলো।

মেজর লিগ সকার-এ ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ আগামী ১৫ আগস্ট, ন্যাশভিলের বিরুদ্ধে।