ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সদর উপজেলার উত্তর ধনঞ্জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।   

স্থানীয়রা জানায়, ওই গ্রামে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে ধনঞ্জয়পুর গ্রামের দুই পক্ষের লোকজন লাঠি-সোটা ঢাল, সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের আহত হয় অন্তত ১০ জন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, কয়েক দিন যাবত এলাকায় উত্তেজনা চলছিলো। সকালে খবর পাওয়ার সাথে সাথেই সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। এলাকায় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।