নীলফামারীর চারালকাটা নদী থেকে তালেবুর রহমান (৩২) নামে এক যুবককে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের চাড়ালকাটা নদীর সাইফোন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তালেবুর রহমান ওই ইউনিয়নের পশ্চিম কাছারীপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) বিকেলে তালেবুর রহমান বাড়ি থেকে বেরিয়ে আসেন। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নদীর পানিতে তার মরদেহ ভাসতে দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছি। তার পড়নে গামছা রয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল বলে পরিবারের সদস্যরা জানায়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।