চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি এবং পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় শাহজালাল বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেকারির প্রায় ৩০ কেজি অস্বাস্থ্যকর খাবার জব্দ করে ময়লা হিসেবে বিনষ্ট করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লাইসেন্স না নেওয়া পর্যন্ত বেকারি বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে মো. কাইছার নামে আরেক দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার চন্দনাইশ পৌরসদর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, নোংরা পরিবেশে রুটি, কেকসহ নানা খাবার তৈরি করা হচ্ছিল। পাশাপাশি ওই বেকারির তৈরি পণ্যের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ওই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বেকারির আনুমানিক ৩০ কেজি অস্বাস্থ্যকর খাবার জব্দ করে ময়লা হিসেবে বিনষ্ট করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লাইসেন্স না নেওয়া পর্যন্ত বেকারি বন্ধ ঘোষণা করা হয়।
বাকি অবৈধ বেকারিগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম, চন্দনাইশ থানা পুলিশের একটি টিম ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।