রাজধানীর ভাটারা খিলবাড়িরটেক এলাকায় নিমার্নাধীন ভবনের দেওয়াল ধসে পড়ে মাহিদ ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ৩টার দিকে খিলবাড়ীরটেক হাজারী গলি নূর নবী মুদিখানা দোকানের পাশে একটি নিমার্নাধীন ভবনের দেওয়াল ভেঙে পরে গুরুতর আহত হয় ওই শিশুটি।
খবর পেয়ে স্বজনরা শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক বিকাল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মাহিদ ইসলামের বাবা হাবিব হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি ভোলার সদর উপজেলার রতনপুর গ্রামে। বর্তমানে খিলবাড়িরটেক হাজারী গলির একটি বাসায় ভাড়া থাকেন। শিশুটির বাবা প্রাইভেটকার চালক আর মা মৌসুমী আক্তার গৃহিণী। মাহিদ তাদের একমাত্র সন্তান।
তিনি আরও জানান, তাদের বাসার পাশেই একটি বাড়ির নির্মান কাজ চলছে। নতুন দেওয়াল উঠছে। পাশেই গলিতে আরও কয়েকটি শিশুর সাথে খেলা করছিল মাহিদ। এসময় দেয়ালটি ভেঙে মাহিদের উপরে পড়ে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানা পুলিশ তদন্ত করছে।