রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি মাহমুদুল হাসান মুয়াজ (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান মুয়াজ রাজধানীর খিলগাও থানাধীন গোড়ান এলাকার মাসুম আহমেদের ছেলে। সে নরসিংদী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবারের বরাত দিয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস জানান, বৃহস্পতিবার পরীক্ষা থাকায় মাহমুদুল হাসান মুয়াজ নিজ বাসা রাজধানীর গোড়ান থেকে মোটরসাইকেল নিয়ে নরসিংদী সরকারি কলেজের উদ্দেশে বের হয়। 

সে রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় পৌছেলে চলন্ত একটি ট্রাককে অতিক্রম করার সময় ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি । বিনা ময়না তদন্তে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।