আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা। খেলোয়াড় নিজেও আতলেতিকো মাদ্রিদ ছেড়ে ক্যাম্প ন্যুতে আসতে আগ্রহী। তবে সরাসরি প্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে আলভারেজকে বিক্রি না করার ব্যাপারে অনড় আতলেতিকো। এমন পরিস্থিতিতে আলভারেজকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় বিকল্প পরিকল্পনা সাজাতে শুরু করেছে কাতালান ক্লাবটি। আলভারেজের বিকল্প হিসেবে তাদের নজর এখন ভিয়ারিয়ালের জর্জিয়ান স্ট্রাইকার জর্জ মিকোতাদজের ওপর।
আতলেতিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে এবং সিইও মিগেল আনহেল গিল মারিনের সঙ্গে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে দফায় দফায় আলোচনা হলেও ক্লাবটির অবস্থানে পরিবর্তন আসেনি। বার্সেলোনার দেওয়া ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে আতলেতিকো।
এদিকে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইংলিশ ক্লাব আর্সেনালও। বার্সেলোনার সঙ্গে চুক্তি ভেস্তে গেলে সুযোগ কাজে লাগাতে তৈরি গানার্সরা।
আলভারেজের দলবদল কঠিন হয়ে পড়ায় বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো বেশ কয়েকটি বিকল্প নিয়ে কাজ শুরু করেছেন:
-
আলভারেজের জন্য বার্সেলোনাকে প্রায় ১২০ মিলিয়ন ইউরো এবং ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজের জন্য ১০০ মিলিয়নের বেশি খরচ করতে হতে পারে। সে তুলনায় ভিয়ারিয়াল তারকা জর্জ মিকোতাদজেকে ৬০ থেকে ৬৫ মিলিয়ন ইউরোতেই পাওয়া সম্ভব।
-
বার্সেলোনায় যোগ দিতে ইতিমধ্যে সম্মতি দিয়েছেন ফ্রান্সে জন্ম নেয়া জর্জিয়ার এই তারকা স্ট্রাইকার।
-
২০২৫ সালে লিওঁ থেকে ভিয়ারিয়ালে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমেই ৩২ ম্যাচে ১৩টি গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন তিনি।
হান্সি ফ্লিকের আক্রমণাত্মক কৌশলে জর্জ মিকোতাদজে দারুণভাবে মানিয়ে যাবেন বলে মনে করছে বার্সেলোনা টিম ম্যানেজমেন্ট। আলভারেজকে পাওয়ার সব চেষ্টা ব্যর্থ হলে ভিয়ারিয়ালের এই গোলমেশিনকেই আক্রমণভাগের নতুন অস্ত্র হিসেবে বেছে নিতে পারে বর্তমান লা লিগা চ্যাম্পিয়নরা।