এআইইউবির শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম এর বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিআইসিএম-এর মাল্টিপারপাস হলে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইসিএম-এর নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন— এআইইউবি-এর ফিন্যান্স বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক বহি শাহজাহান ও একই বিভাগের সহকারী অধ্যাপক কাজী নূর আলম, বিআইসিএম-এর সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ, এফসিসিএ, সহকারী অধ্যাপক ড. তামান্না ইসলাম ও প্রভাষক ইমরান মাহমুদ। 

বিআইসিএম ও এআইইউবি-এর ফিন্যান্স ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ, এফসিসিএ, সহকারী অধ্যাপক ড. তামান্না ইসলাম ও প্রভাষক ইমরান মাহমুদ।

বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিআইসিএম-এর এ আয়োজন।