বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।
সেই অনুযায়ী আগামী ২৬ আগস্ট সরকারি ছুটি থাকবে। যদিও ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায়ও ২৬ আগস্ট ছুটি নির্ধারণ করা ছিল। তবে ধর্মীয় ছুটির বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় চাঁদ দেখার পর চূড়ান্ত তারিখ নির্ধারিত হলো।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আকাশে আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
ফলে আগামীকাল ১৪ আগস্ট (শুক্রবার) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১৫ আগস্ট (শনিবার) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।
এদিকে, মাঝের ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি বা নৈমিত্তিক ছুটি নিতে পারলে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ পাবেন। কারণ ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবীর ছুটির পর ২৭ আগস্ট কর্মদিবস এবং তার পর ২৮ ও ২৯ আগস্ট (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে।