৩৫০০ কোটিতে হামজাদের ক্লাব বিক্রি হয়ে যাচ্ছে

বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটির মালিকানা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘কিং পাওয়ার’। দীর্ঘ ১৬ বছরের সম্পর্কের ইতি টেনে ২০০ মিলিয়ন পাউন্ডের (প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা) বেশি মূল্যে ক্লাবটি বিক্রির প্রক্রিয়া শুরু করেছে শ্রীভদ্ধনপ্রভা পরিবার।

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক সিটিগ্রুপের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের কাছে আট পৃষ্ঠার একটি বিক্রয় প্রস্তাবনা পাঠিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

'প্রজেক্ট লাইনআপ' শিরোনামের ওই নথিতে ক্লাবের সার্বিক সম্পদ বিক্রির আওতায় আনা হয়েছে:

  • মূল পুরুষ দলের পাশাপাশি লেস্টার সিটির নারী ফুটবল দল।
  • ৩২ হাজার আসনবিশিষ্ট কিং পাওয়ার স্টেডিয়াম।
  • ২০২০ সালে চালু হওয়া প্রায় ১২১ মিলিয়ন পাউন্ড মূল্যের সর্বাধুনিক 'সিগ্রোভ ট্রেনিং ফ্যাসিলিটি'।
  • বেলজিয়ামের সহযোগী ক্লাব ওএইচ লিউভেন 

রূপকথার উত্থান ও বর্তমান সংকট

২০১০ সালে মাত্র ৩৫ মিলিয়ন পাউন্ডে মিলান মান্দারিচের কাছ থেকে লেস্টার সিটির মালিকানা কিনেছিল কিং পাওয়ার। ক্লাবটির সোনালী অধ্যায় রচিত হয় তাদের হাত ধরেই—২০১৬ সালে ৫০০০-১ অনুপাতের অসম্ভব সমীকরণ মিলিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয় এবং ২০২১ সালে এফএ কাপের ট্রফি ঘরে তোলে 'দ্য ফক্সেস'।

তবে সাম্প্রতিক বছরগুলোতে মাঠের পারফরম্যান্স ও আর্থিক ক্ষেত্রে চরম বিপর্যয়ে পড়ে ক্লাবটি। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে প্রিমিয়ার লিগ থেকে নেমে গিয়ে এবং পরবর্তীতে চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে পড়ে দলটি। ক্লাবের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো এবার ইংল্যান্ডের ফুটবলের তৃতীয় স্তর—'লিগ ওয়ান'-এ খেলবে লেস্টার।

টানা অবনমন ও ব্যাংক ঋণের চাপে থাই মালিকদের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই ক্লাব বিক্রির দাবি জানিয়ে আসছিলেন লেস্টার সমর্থকেরা। অবশেষে সেই চাপ ও ব্যবসায়িক সংকটের মুখে ক্লাবটি বিক্রির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।