প্রশ্নপত্র ফাঁসসহ ভারতে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় নানা অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। গত ১০ আগস্ট আন্দোলনের অংশ হিসেবে বিধানসভা অভিমুখে করা শিক্ষার্থীদের মিছিলকে কেন্দ্র করে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছে ভারতীয় পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাঁচির পুলিশ সুপার পরশ রানা জানান, নিষেধাজ্ঞামূলক আদেশ অমান্য, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে এসব মামলা করা হয়েছে।
এ বিষয়ে হাটিয়া মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) নীরজ কুমার জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে। মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ ব্যবহার করা হচ্ছে। গত সোমবারের ওই কর্মসূচী ঘিরে রাঁচিতে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটার পাশাপাশি জলকামান ব্যবহার করে। এ সময় পুলিশের লাঠির আঘাতে আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী। শিক্ষার্থীদের অভিযোগ, ঝাড়খণ্ডে সরকারি চাকরির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের কারণে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।