অস্ট্রেলিয়ায় ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

অস্ট্রেলিয়ায় ৭ লাখ ৫৬ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। দেশটিতে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে এই অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেটা জানায়, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার সন্দেহভাজন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ২ লাখ ৯৪ হাজার ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর আগে জানুয়ারিতে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ৩ লাখ ৩১ হাজার ইনস্টাগ্রাম এবং ১ লাখ ৭৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট সরানো হয়েছিল।

অস্ট্রেলিয়ায় অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা গত বছরের ১০ ডিসেম্বর কার্যকর হয়। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাবের উদ্বেগ থেকেই এই আইন করা হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে এমন আইন কার্যকর করা বিশ্বের প্রথম দেশ অস্ট্রেলিয়া। তবে নিষেধাজ্ঞা কার্যকরের পরও দেশটির অনেক কম বয়সী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে বলে সরকারি তথ্য ও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। গত মার্চে অস্ট্রেলিয়ার সরকার এবং একাধিক বেসরকারি সংস্থার জরিপে দেখা গিয়েছিল, অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী প্রতি ১০ জন কিশোর-কিশোরীর ৮ জনই সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় আছে। ফলে আইন আরও কঠোর করার বিষয়টি বিবেচনা করছে সরকার। নিয়ম না মানার সর্বোচ্চ জরিমানাও দ্বিগুণ করে ৯ কোটি ৯০ লাখ অস্ট্রেলিয়ান ডলার করা হয়েছে।

মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের বয়স শনাক্তে

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। কোনো অ্যাকাউন্ট ১৬ বছরের কম বয়সী ব্যক্তির হতে পারে কি না তা বুঝতে জন্মদিন উদযাপন বা স্কুলের শ্রেণির মতো বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। বয়স শনাক্তের এই কার্যক্রম অব্যাহত থাকায় ভবিষ্যতে আরও অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। তবে মেটাসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান শুরু থেকেই এ আইনের বিরোধিতা করে আসছে। মেটা জানিয়েছে- বাণিজ্যিক কারণে কোম্পানি অস্ট্রেলিয়ার এ আইনটির বিরোধী হলেও, যে কোনো দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন মেনে চলার প্রতিশ্রুতি দিলেও অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা অভিযোগ করেছে, কয়েকটি প্ল্যাটফর্ম আইন বাস্তবায়নে যথেষ্ট পদক্ষেপ নেয়নি। এ কারণে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আজ শুক্রবার মেটা, টিকটক, গুগল ও ¯œ্যাপের প্রতিনিধিদের অস্ট্রেলিয়ার পার্লামেন্টারি তদন্তে সাক্ষ্য দেয়ার কথা রয়েছে। মেটা আরও জানিয়েছে- বয়সের কারণে কোনো অ্যাকাউন্ট বন্ধ করা হলে একই ব্যক্তি যাতে বারবার নতুন অ্যাকাউন্ট খুলতে না পারেন, সে পদক্ষেপও নেওয়া হয়েছে।