মনপুরায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ভোলার মনপুরায় মাদ্রাসাপড়ুয়া ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার ছয় দিন পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ছাত্রীর মা বাদী হয়ে মনপুরা থানায় মামলা করেছেন।

অভিযুক্ত যুবকের নাম মো. সুমন (২৭)। তিনি উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকার মোস্তফা মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে রান্না করা তরকারি গরম করার জন্য শুকনো নারকেল পাতা আনতে ওই ছাত্রীকে বাড়ির পেছনে পাঠান তার মা। এ সময় পাশের বাড়ির সুমন তাকে মুখ চেপে ধরে জোর করে তাদের বাড়ির রান্নাঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে ওই ছাত্রী ঘটনাটি তার এক বান্ধবীকে জানায়। বান্ধবী বিষয়টি ছাত্রীর মাকে জানালে স্থানীয় এক নারী ইউপি সদস্যের পরামর্শে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে থানায় মামলা করা হয়।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।