তানজিদের প্রথম, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রথম 

নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই লাল বলের ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন তানজিদ হাসান। অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেটের সবচেয়ে এলিট ফরম্যাটে এটিই প্রথম কোনো বাংলাদেশি ব্যাটারের সেঞ্চুরি। 

১৮৮ বলে ৮ চার ও ১ ছক্কায় সেঞ্চুরি তোলেন তানজিদ। এদিকে ফিফটি তুলে ৫২ রানে অপরাজিত আছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৬৭ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৩৮ রান, যেখানে ৮০ রানে এগিয়ে আছে সফরকারীরা। 

তানজিদের এই অসাধারণ ইনিংসের একটা বড় অংশ জুড়ে ছিল লায়ন-নামা। গতকার ডারউইন টেস্টের প্রথম দিনে শূন্য রানে ব্যাট করার সময় তার ক্যাচ ফেলে দিয়েছিলেন নাথান লায়ন। এরপর আজ দিনের প্রথম সেশনে ৪৩তম ওভারে এই লায়নের বলেই ম্যাচে দ্বিতীয় সুযোগ পান তানজিদ। স্লিপে দিয়ে বসেছিলেন ক্যাচ, তবে তালুবন্দী করতে পারেননি স্টিভ স্মিথ। তখন তানজিদ ব্যাট করছিলেন ৬২ রান।

 

 

সেখান থেকে ইনিংসের ৬৪তম ওভারের শেষ বলে যখন বল করছিলেন লায়ন সেখানেই সেঞ্চুরি তোলেন এই ২৫ বছর বয়সী ব্যাটার আর পরের ওভারেই ফিরলেন সাজঘরে। ১৯৭ বলে তার ইনিংস থামল ১০১ রানে। 

এদিকে মারারা স্টেডিয়ামে টেস্টে এটি তৃতীয় কোনো ব্যাটারের সেঞ্চুরি। এর আগে বাংলাদেশের বিপক্ষেই ২০০৩ সালে এই মাঠে স্টিভ ওয়াহ খেলেছিলেন অপরাজিত ১০০ রানের ইনিংস আর এই তালিকায় শীর্ষে আছেন আরেক সাবেক অজি তারকা ড্যারেন লেহমান, ১১০ রান করে। তাদের দুজনকেই ছাড়িয়ে যাওয়ার আশা দেখালেও তানজিদ থামলেন ১০১ রান করে।