চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় অবস্থিত 'ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে' এই দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ওই ইয়ার্ডে একটি জাহাজে 'হাউজ কিপিং' এর কাজ করার সময় একটি ট্যাংক থেকে হঠাৎ বিষাক্ত গ্যাস নির্গত হতে থাকে। গ্যাস ছড়িয়ে পড়লে সেখানে থাকা শ্রমিকেরা অচেতন হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত একজনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক দেশ রূপান্তরকে বলেন, ভাটিয়ারীতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেছেন। অপর একজনকে দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মাহবুবুল হাসান জানান, সকালে জাহাজে বিষাক্ত গ্যাস নির্গমনের খবর পেয়েছি। কারখানাটিতে শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল কি না এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।