নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ দেওয়াকে কেন্দ্র করে নাছিমা বেগম নামে এক নারীকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দেবর ও স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় দেবরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
নিহত (৫২) নাছিমা বেগম ওই এলাকার বাবু মিজির স্ত্রী।
গ্রেপ্তার হলেন একই এলাকার আলাউদ্দিন মিজি আলাল (৪৫), তার স্ত্রী জোসনা খাতুন (৪০) ও মেয়ের জামাই মোহাম্মদ শাকিল খান (৩০)।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবু মিজির বাড়িতে দোতলা ভবনের ছাদ দেওয়ার কাজ চলছিল। নির্মাণাধীন ভবনের ছাদের কিছু অংশ তার জমির সীমানায় পড়েছে এমন দাবি করে বাবুর ছোট ভাই আলাউদ্দিন মিজি নির্মাণকাজে বাধা দেন। এ নিয়ে বাবু মিজি ও তার স্ত্রী নাছিমা বেগমের সঙ্গে আলাউদ্দিনের কথা-কাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন আলাউদ্দিন, তার স্ত্রী জোসনা খাতুন ও মেয়ের জামাই শাকিল খান নাছিমা বেগমকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। মারধরের ঘটনায় নাছিমা বেগমের গুরুতর হন। পরে স্বজনরা নাছিমা বেগমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত আলাউদ্দিন মিজি ওরফে আলাল, তার স্ত্রী জোসনা খাতুন ও মেয়ের জামাই মোহাম্মদ শাকিল খানকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।