গোসলে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বর (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে প্রায় দেড় ঘণ্টার উদ্ধার অভিযানের পর ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার পূর্ব দিকে নদীর পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পাউচা মাতুব্বর নগরকান্দা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মিরাকান্দা গ্রামের মৃত আব্দুস সাত্তার মাতুব্বরের ছেলে। তিনি ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম আজাদের বড় ভাই বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ির পাশের কুমার নদে গোসল করতে নামেন পাউচা মাতুব্বর। নদীতে নামার আগে ঘাটে তার ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা রেখে যান। দীর্ঘ সময় পরও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাতভর আশপাশের এলাকা ও নদীতে সন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে শুক্রবার সকাল ৭টার দিকে বিষয়টি নগরকান্দা ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা অভিযান চালানোর পর ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার পূর্ব দিকে নদীর পানির নিচে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহতের পরিবারের সদস্যদের দাবি, পাউচা মাতুব্বর আগে থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। পানি দেখলে তার ওই অসুস্থতা বেড়ে যেত। তাদের ধারণা, নদীতে গোসল করতে নামার পর অসুস্থ হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মিরাকান্দা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।