চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী

চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, এসব নির্বাচন আয়োজনের জন্য প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে। চলতি অর্থবছরের অনুমোদিত বাজেটেই এ অর্থের সংস্থান রাখা হয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিটি করপোরেশন , উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কোন নির্বাচন আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অর্থ বিভাগ যৌথভাবে সিদ্ধান্ত নেবে। তবে চলতি অর্থবছরের মধ্যেই পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

শ্রীমঙ্গলের কলেজ সড়কের হরিজন পল্লীতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন সাততলা ভবন পরিদর্শনকালে প্রতিমন্ত্রী দেশের সরকারি ভবনগুলোকে পর্যায়ক্রমে নবায়নযোগ্য বিদ্যুতের আওতায় আনার পরিকল্পনার কথা জানান।

সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়ে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়ের ক্যাবিনেট ভবন থেকে শুরু করে পর্যায়ক্রমে দেশের সব সরকারি ভবনকে নবায়নযোগ্য বিদ্যুতের আওতায় আনা হবে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকেও এ কার্যক্রমের আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদসহ স্থানীয় সরকারের অধীন সব প্রতিষ্ঠানে সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে তা নিজ নিজ প্রতিষ্ঠানে ব্যবহারের ব্যবস্থা করা হবে।

এবিষয়ে আগামী সপ্তাহে একটি বৈঠক ডাকার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু অফিস আদেশ জারি করলেই হবে না, সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কি না সেটিও নিশ্চিত করা হবে। ছয় মাস পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরীক্ষা করে দেখা হবে, আগের মতো বিদ্যুৎ বিল পরিশোধ হচ্ছে কি না।

এদিকে শ্রীমঙ্গলের ময়লার ভাগাড় পরিদর্শন করে দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, শহরের বাইরে পরিবেশের ক্ষতি হবে না এমন সরকারি নিরাপদ জায়গা নির্ধারণ করে সেখানে ময়লা ফেলার ব্যবস্থা করা হবে। পরবর্তীতে ওই স্থানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।