দুই বছরের বিরতি ভেঙে নতুন সিনেমার শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে ‘শিকার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সিনেমাটির দৃশ্যধারণ চলছে নেপালের মনোরম লোকেশনে।
কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটিতে অপুর বিপরীতে অভিনয় করছেন নতুন নায়ক মুর্তজা পলাশ। নেপালের পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশে প্রায় এক মাস ধরে চলবে সিনেমাটির শুটিং।
নিজের নতুন সিনেমা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘ছবিটিতে আমার অভিনয়ের জায়গা আছে। নির্মাতার কাছে গল্প শুনে তাই রাজি হয়ে গেছি। এই সিনেমার মাধ্যমে একজন নতুন নায়কের সঙ্গে কাজ করতে যাচ্ছি। এটি নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড।’
আগামী বছর ঈদে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে মুক্তির আনুষ্ঠানিক তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
এদিকে, ‘শিকার’ ছাড়াও অপু বিশ্বাসের হাতে রয়েছে ‘দুর্বার’ ও ‘সিক্রেট’ সিনেমা। ‘দুর্বার’-এ তার বিপরীতে অভিনয় করছেন সজল এবং ‘সিক্রেট’-এ দেখা যাবে আদর আজাদকে।