‘নিজেকে বাঁচানোর চেষ্টা করছি’

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব তিনি। বিভিন্ন সময় নিজের অনুভূতি, উপলব্ধি ও জীবন নিয়ে ভাবনার কথা অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। এবারও তেমনই একটি বার্তা দিয়েছেন প্রভা।

আজ (১৪ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, আত্মসম্মান এবং জীবনে প্রয়োজনীয় সময়ে দূরে সরে যাওয়ার গুরুত্ব নিয়ে একটি দীর্ঘ বার্তা শেয়ার করেন তিনি।

প্রভা লিখেছেন, সম্পর্ক ছিন্ন করা মানেই কাউকে ছেড়ে দেওয়া কিংবা হাল ছেড়ে দেওয়া নয়। বরং কখনো কখনো এর অর্থ হলো বাস্তবতাকে মেনে নেওয়া। যে সম্পর্ক একসময় জীবনে গুরুত্বপূর্ণ ছিল, সেটিই যদি ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে দিতে থাকে, তাহলে সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

অভিনেত্রীর ভাষায়, ভালোবাসার বিনিময়ে কখনো নিজের মানসিক শান্তি, আত্মপরিচয় কিংবা মানসিক সুস্থতাকে বিসর্জন দেওয়া উচিত নয়। তবে এই সত্যটি উপলব্ধি করা মোটেও সহজ নয়। 

এরপর জীবনের বিভিন্ন সম্পর্কের উদাহরণ তুলে ধরেন প্রভা। তিনি বলেন, এমন বন্ধু থাকতে পারেন, যিনি শুধু নিজের প্রয়োজনেই পাশে থাকেন। এমন চাকরিও থাকতে পারে, যেখানে উন্নতির কোনো সুযোগ নেই, অথচ প্রতিনিয়ত মানসিকভাবে ক্লান্ত হতে হয়। আবার পরিবারের কোনো সদস্য বারবার ব্যক্তিগত সীমানা অতিক্রম করতে পারেন। এমনকি জীবনসঙ্গী পাশে থেকেও কাউকে ভেতর থেকে একাকী করে তুলতে পারেন।

প্রভার মতে, এসব সম্পর্ক বা পরিস্থিতির জন্য বারবার নিজের ত্যাগ স্বীকার করে যাওয়ার ফল ভালো হয় না। মানুষ দিতে দিতে একসময় এমন জায়গায় পৌঁছে যায়, যখন সে বুঝতে পারে- অন্যদের ঠিক রাখতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলছে। ‘নিজেকে বাঁচানোর চেষ্টা করছি’, কী ইঙ্গিত দিলেন প্রভাসাদিয়া জাহান প্রভা।

নিজের জীবন থেকে নেতিবাচক বিষয় দূরে সরিয়ে দেওয়াকে নিষ্ঠুরতা মনে করেন না প্রভা। বরং তার কাছে এটি সাহসের পরিচয়। তিনি লিখেছেন, ছেড়ে দেওয়া মানে ক্ষতিকে বেছে নেওয়া নয়, বরং ক্ষতির চেয়ে নিরাময়কে গুরুত্ব দেওয়া।

অভিনেত্রীর কথায়, সত্যকে আড়াল করে অভিনয় করে যাওয়ার চেয়ে সত্যকে মেনে নেওয়া জরুরি। নীরবে কষ্ট সহ্য করার চেয়ে আত্মসম্মানকে গুরুত্ব দেওয়াই শ্রেয়।

প্রভা আরও লিখেছেন, জীবনের এই সিদ্ধান্তের কারণে অনেকেই হয়তো বলবেন, তিনি বদলে গেছেন। কিন্তু তারা বুঝতে পারবেন না, কাউকে দূরে ঠেলে দেওয়ার জন্য নয়, বরং নিজেকে বাঁচানোর জন্যই কখনো কখনো দূরে সরে যেতে হয়। 

সবশেষে প্রভা লেখেন, যেখানে মানুষ বারবার আঘাত পায়, সেখানে সবসময় নিরাময় সম্ভব নয়। খালি হৃদয় নিয়ে অন্য কাউকে ভালোবাসা বা নিজেকে উজাড় করে দেওয়া যায় না। একইভাবে যে পরিবেশ একজন মানুষকে প্রতিনিয়ত ছোট করে দেয়, সেখানে তার বিকাশও সম্ভব নয়।

তাই কারও কাছ থেকে দূরে সরে যাওয়া মানেই তাকে ত্যাগ করা নয়-কখনো কখনো সেটি নিজের আত্মমর্যাদা ফিরে পাওয়ার পথ। আর ভালোবাসার সবচেয়ে শক্তিশালী রূপগুলোর একটি হলো, কখন বিদায় জানাতে হবে সেটি বুঝতে পারা-এমনটাই নিজের পোস্টে বোঝাতে চেয়েছেন সাদিয়া জাহান প্রভা।