রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবন-৩ দিনব্যাপী অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন।

আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল প্রাথমিক ও মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা, চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ।

‘ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার।  এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন। এ ছাড়া ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা ও আহত শিক্ষার্থীরা তাঁদের স্মৃতি  চারণমূলক বক্তব্য তুলে ধরেন।

জুলাই-আগস্ট-২০২৪ গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ, তরুণ প্রজন্মের ভাবনা ও সৃজনশীলতার বিকাশ এবং একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভূমিকা তুলে ধরার লক্ষ্যে এ আয়োজন করা হয় বলে জানিয়েচের সংশ্লিষ্টরা।