বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাস্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর মোঃ মোস্তাকুর রহমান-এর উপস্থিতিতে গ্লোবাল ইসলামী ব্যাংকের ইসলামী ব্যাংকের প্রশাসক মোঃ মোকসুদুজ্জামান আনুষ্ঠানিকভাবে ব্যাংকের দায়িত্ব সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান কাজি শায়রুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবেদুর রহমান সিকদারের নিকট হস্তান্তর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সম্মানিত ডেপুটি গভর্নরবৃন্দ, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে একই অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংকের প্রশাসক মোঃ আবুল হাসেম সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এই দুটি ব্যাংকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে একীভূত পাঁচটি ব্যাংকের দায়িত্ব গ্রহণ সম্পন্ন করল।
অনুষ্ঠানে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবেদুর রহমান সিকদার দ্রুততম সময়ে স্বাভাবিক ব্যাংকিং সেবা চালু করার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সাথে, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-তে কঠোর সুশাসন প্রতিষ্ঠা, পূর্ণাঙ্গ শরীয়াহ্ পরিপালন এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং প্রসারের মাধ্যমে এটিকে একটি টেকসই ও জনকল্যাণমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।